আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এবং ইয়েমেনে সাম্প্রতিক মার্কিন বিমান হামলার পাল্টা জবাবে, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনায় চারটি পৃথক হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী।

\r\n

সোমবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, ইসরাইলের আশকেলন বন্দরউম্ম আল-রাশরাশ (এলাত) বন্দরে দুটি সামরিক স্থাপনায় ইয়াফা ও সামাদ-১ ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে।

\r\n

তিনি আরও বলেন, মার্কিন আগ্রাসন ও প্রাণঘাতী বিমান হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেন লোহিত সাগর ও আরব সাগর অঞ্চলে দুটি বড় ধরনের সামরিক অভিযান পরিচালনা করেছে। অভিযানে মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস হ্যারি ট্রুম্যান’ এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্য করে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন ব্যবহার করা হয়। 

\r\n

বিবৃতিতে বলা হয়, এই হামলাগুলো ছিল প্রতিরোধমূলক পদক্ষেপ, যা ইয়েমেনের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে পরিচালিত হয়েছে।

\r\n

উল্লেখ্য, সম্প্রতি ইয়েমেনে চালানো মার্কিন ড্রোন ও বিমান হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হন। এর পর থেকে অঞ্চলজুড়ে উত্তেজনা বাড়তে থাকে।

\r\n

হুথি-নিয়ন্ত্রিত ইয়েমেনি সামরিক বাহিনী একাধিকবার ঘোষণা করেছে যে, তারা ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে এবং ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধে প্রস্তুত রয়েছে।