শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুরের নড়িয়া থানার এক উপ-পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে মামলা রেকর্ড করার জন্য টাকা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার শুক্রবার দুপুরে নড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে

সংবাদ সম্মেলনে উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের পোড়াগাছা গ্রামের বাসিন্দা আলী মিয়া বেপারী (৭২) অভিযোগ করেন, গত ৫ মার্চ দুপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে তার প্রতিবেশী করিম বেপারী, নান্টু বেপারী, নাছির মাদবর, রুহুল বেপারী,  সিফাত মাদবর সহ আরও ২০–২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। এ সময় তার দুই মেয়ে ও এক নাতিকে মারধর করে আহত করা হয় এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলে দাবি করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর তিনি নড়িয়া থানায় মামলা করতে গেলে থানার এসআই আবুল হোসেন মামলা রেকর্ড করার জন্য ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে উল্টো বাদী পক্ষকে মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয় বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।