জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী। শনিবার সকালে উদয়পুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে ক্ষতিগ্রস্তদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
পরে বেলা ১২ টায় কালাই উপজেলা হলরুমে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ, শাড়ি, থ্রি-পিস ও হাজীদের রুমাল বিতরণ করা হয়। একই সঙ্গে প্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে প্রতিবন্ধী ও পঙ্গু ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ারও বিতরণ করেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, “মানুষের মৌলিক চাহিদা প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। আমরা ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছি। বিষয়টি জটিল হলেও সফলতার সঙ্গে কাজ এগিয়ে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিতে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ছুটির দিনেও তিনি অফিস করছেন। আমরাও তার সঙ্গে তাল মিলিয়ে কাজ করছি, যাতে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করা যায়।”
এ সময় স্থানীয় নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীর বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করে বক্তব্য দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন মিয়া, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম, পৌর বিএনপির আহ্বায়ক সোহেল তালুকদার, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, কালাই সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল, উদয়পুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সহ স্থানীয় নেতৃবৃন্দ।





