ফিলিস্তিনে চলমান গণহত্যা এবং শিশুদের অনাহারে মৃত্যুর ঘটনায় মুসলিম বিশ্ব ও আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বিশিষ্ট ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ।
\r\nনিজের একটি ফেসবুক পোস্টে তিনি বলেন, \"প্রতিরোধের শক্তি নেই, সেটি মানা যায়। কিন্তু পুণ্যভূমির শিশুদের অনাহারে মৃত্যুর সময়ও যখন মুসলিম দেশগুলো নির্বিকার থাকে, তখন সেই নীরবতা আরও পীড়াদায়ক হয়ে ওঠে।\"
\r\nমানবতাবাদের দাবিদার আন্তর্জাতিক শক্তিগুলোর দ্বিমুখী আচরণের তীব্র সমালোচনা করে তিনি লিখেছেন, \"মানবতাবাদের ধ্বজাধারী প্রতারকদের মুখোশ আর কত খুললে তাদের ভণ্ডামি ধরতে পারবে বিশ্ববাসী?\"
\r\nশায়খ আহমাদুল্লাহ মনে করেন, ফিলিস্তিনের ঘটনা বিশ্ব সভ্যতা ও মানবতার একটি কঠিন পরীক্ষা। তিনি বলেন, \"এই বিশ্ব কতটা সভ্য ও মানবিক, তা মাপার সবচেয়ে বাস্তব ও নির্ভরযোগ্য মাপকাঠি হলো ফিলিস্তিন।\"
\r\nফিলিস্তিনে চলমান নিপীড়নের জন্য তিনি বিশ্ব বিবেকের পাশাপাশি মুসলিম উম্মাহকেও দায়ী করেন। তার ভাষায়, \"ফিলিস্তিনিদের ওপর যেসব বর্বরতা চলছে, তার দায়ভার আমাদের সবার। একদিন এই নৃশংসতার হিসাব ইতিহাসের কাঠগড়ায় আমাদের সকলকে দিতে হবে।\"
\r\nপোস্টের শেষাংশে শায়খ আহমাদুল্লাহ আল্লাহর দরবারে একটি দোয়া করেন—\"মৃত্যুর আগে যেন এই জুলুমের শেষ দেখে যেতে পারি।\"
\r\nএই মন্তব্যগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন।





