আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ পাঁচজনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে। রোববার (২ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

আদালত মাহবুব উল আলম হানিফের মামলার সূচনা বক্তব্য এবং সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৫ নভেম্বর দিন ধার্য করেছেন। পাশাপাশি আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

এই মামলায় অপর আসামিরা হলেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা। সবাই পলাতক থাকায় তাদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে, গত ২৫ সেপ্টেম্বর কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছিলেন ট্রাইব্যুনাল।

এছাড়া চানখারপুলে ৬ জন হত্যার ঘটনায় আজ ১৩ তম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে এই মামলায় ২০ জন সাক্ষ্য প্রদান করেছেন।