নির্বাহী ম্যাজিস্ট্রট শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা |
পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে মাদারীপুরের শিবচর বাজারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা ছদ্মবেশ ধারণ করে ক্রেতা সেজে আগে বাজার ঘুরে তারপর অভিযান পরিচালনা করেন।। অভিযানকালে মাছ, মাংস, ফল, মুদিসহ ৭টি দোকানে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সকল ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জেলার শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা শুক্রবার সকালে বোরকা পরিধান করে ছদ্মবেশে ক্রেতা সেজে শিবচর পৌর বাজারের মাছ, মাংস, মুদি, ফলসহ বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিভিন্ন সমস্যা দেখতে পান। পরে তিনি ছদ্মবেশ ত্যাগ করে বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন।
শুক্রবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে বেশি দামে পণ্য বিক্রি, ওজনে কম দেয়া, খাসি ও ছাগীর মাংস একই দামে বিক্রি করাসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭টি দোকানে ১২ হাজার টাকা জরিমানা করেন। এদিন বাকি ব্যবসায়ীদের সতর্ক করে দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা। অভিযানকালে শিবচর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
শাইখা সুলতানা বলেন, 'আমি ছদ্মবেশে ধারণ করে প্রথমে বাজার মনিটরিং করি পরে অভিযান পরিচালনা করি। এদিন কয়েকটি দোকানে জরিমানা করা হয়। বাকি ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়েছে। পরবর্তীতে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে'।





