জয়পুরহাট প্রতিনিধি: দীর্ঘদিন ধরে পলাতক থাকা মাদক মামলায় পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুর রশিদকে (৫৬) গ্রেফতার করেছে পুলিশ। আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর হাতিরঝিল এলাকার মধুবাগ থেকে শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে তাকে আটক করা হয়।
আব্দুর রশিদ জয়পুরহাটের কালাই পৌর শহরের সড়াইল মহল্লার আব্দুস সাত্তারের ছেলে। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।
পুলিশ জানায়, ২০১৬ সালের ১৫ মার্চ মাদক বিক্রির সময় আব্দুর রশিদকে মাদকসহ গ্রেফতার করা হয়েছিল। পরে কালাই থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে চলতি বছরের ২ জানুয়ারি তার অনুপস্থিতিতে দায়রা জজ আদালত আব্দুর রশিদকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রায়ের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
কালাই থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, তথ্যপ্রযুক্তির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা হয়। এরপর ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পলাতক আসামি গ্রেফতারে পুলিশের এ অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।





