পটুয়াখালী জেলা প্রতিনিধি: রাকিবুল হাসান অভি
মাত্র ১১০ দিনে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করে অনন্য কৃতিত্ব দেখিয়েছে ১২ বছর বয়সী মাদ্রাসা শিক্ষার্থী দ্বীন ইসলাম। অল্প বয়সে এত স্বল্প সময়ে কোরআনের হাফেজ হওয়ায় শিক্ষক, ওস্তাদ, অভিভাবকসহ স্থানীয়দের মধ্যে প্রশংসা ও বিস্ময়ের সৃষ্টি হয়েছে।
দ্বীন ইসলাম পটুয়াখালীর কমলাপুর ইউনিয়নের মধ্য ধরান্দ্রী গ্রামের বাসিন্দা ইয়াকুব শিকদারের ছেলে।
সে স্থানীয় জামিয়া রহীমিয়া মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। তার অসাধারণ মেধা, অদম্য অধ্যবসায় এবং পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসাই তাকে এই স্বল্প সময়ে হিফজ সম্পন্ন করতে সহায়তা করেছে।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, দ্বীন ইসলাম অত্যন্ত মনোযোগী, ভদ্র ও পরিশ্রমী শিক্ষার্থী। প্রতিদিন নিয়মিত সময় মেনে পাঠ ও পুনরাবৃত্তির মাধ্যমে সে দ্রুত কোরআন মুখস্থ করতে সক্ষম হয়েছে। শিক্ষকদের মতে, তার এই সাফল্য অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
হিফজ সম্পন্ন করতে পেরে মহান আল্লাহ তায়ালার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেছে দ্বীন ইসলাম। ভবিষ্যতে একজন বড় আলেম হয়ে দেশ-বিদেশে কোরআনের খেদমত করার স্বপ্ন তার। কোরআনের শিক্ষা ধারণ করে দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জনের লক্ষ্যেই এগিয়ে যেতে চায় সে।
ছেলের এই সাফল্যে আনন্দিত বাবা ইয়াকুব শিকদার বলেন, “এত অল্প সময়ে কোরআনের হিফজ সম্পন্ন করা আমাদের পরিবারের জন্য গর্বের বিষয়। আল্লাহর কাছে দোয়া করি, সে যেন ভবিষ্যতে দ্বীনের খেদমতে নিজেকে উৎসর্গ করতে পারে।”
দ্বীন ইসলামের এই কৃতিত্ব এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। স্থানীয়দের মতে, তার এই অর্জন অন্য শিক্ষার্থীদের মধ্যেও কোরআন শিক্ষার প্রতি আগ্রহ ও অনুপ্রেরণা জাগিয়ে তুলবে।





