বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, মাজার ভাঙা বা লাশ পুড়িয়ে দেওয়া রাসুলের শিক্ষা নয়। তিনি মন্তব্য করেন, “আজ আমরা নিজেরাই দ্বিধাবিভক্ত। কারো মাজার ভাঙছি, কোনো লাশ পুড়িয়ে দিচ্ছি। এটা তো রাসুলের শিক্ষা নয়। যিনি আমাদের মডেল, আমাদের আদর্শের প্রতীক, তাকে আমরা অনুসরণ করি না। এটাই মুসলিম সমাজের সবচেয়ে বড় ব্যর্থতা।”
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। রিজভী আরও বলেন, “আমরা গণতন্ত্র ও রাষ্ট্রীয় চেতনাকে গুরুত্ব দিই, কিন্তু মহানবীর শিক্ষা থেকে শিক্ষা নেই। আমাদের ধর্ম ও ইসলামকে আমরা বিভাজন ও বিতর্কের মাধ্যমে ভাঙছি, অথচ মহানবী ঐক্যের প্রতীক ছিলেন।”
মাহফিলে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা মীর শরাফত আলী শফু উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজা।





