মাগুরায় সরকারি দপ্তরগুলোর কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো উপস্থিতি এবং সেবার মান যাচাইয়ের উদ্দেশ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মাগুরা প্রেসক্লাব। রবিবার সকালে প্রেসক্লাবের বিভিন্ন সাংবাদিক দলের নেতৃত্বে জেলা শহরের ২৫টি সরকারি অফিসে গিয়ে উপস্থিতি ও সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। এতে দেখা যায়, প্রথম ঘণ্টায় প্রায় ৯০ শতাংশ কর্মকর্তা-কর্মচারী দেরিতে অফিসে পৌঁছেছেন।
সকালে সকাল ৯টা থেকে ১০টার মধ্যে জেলা শহরের ডিসি অফিস, সদর হাসপাতাল, গণপূর্ত বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল, সমাজসেবা, যুব উন্নয়ন, বিআরটিএ, রেজিস্ট্রি অফিস, মৎস্য বিভাগ, পশু হাসপাতাল, পৌরসভা, এলজিইডি, বিদ্যুৎ অফিস, হর্টিকালচার, পল্লী বিদ্যুৎ ও প্রাথমিক শিক্ষা অফিসসহ মোট ২৫টি সরকারি দপ্তরে এই পর্যবেক্ষণ চালানো হয়।
মাগুরার জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সরকারি দপ্তরগুলোতে সময়মতো উপস্থিতি নিশ্চিত ও সেবার মান উন্নয়নের জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি সাংবাদিকদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দেরিতে অফিসে আসা কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক জানিয়েছেন, সরকারি সেবাকে আরও জনগণবান্ধব ও গতিশীল করতে ভবিষ্যতেও এ ধরনের পর্যবেক্ষণ কার্যক্রম চালানো হবে। প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানও বলেন, সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
এদিকে, মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান প্রেসক্লাবের উদ্যোগকে ব্যতিক্রমী ও ইতিবাচক হিসেবে উল্লেখ করেছেন এবং এটি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিতি ও সেবার মান নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





