রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে শিক্ষানবীশ পাইলটের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে আগুন লাগার ঘটনায় আহত তাসনিয়া (১৫) এক মাস চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন।
শনিবার সকাল ৮টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার।
তিনি জানান, বিস্ফোরণের ঘটনায় তাসনিয়ার শরীরের ৩৫ শতাংশ পুড়ে গিয়েছিল। দীর্ঘদিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। সকালে সেখানেই তার মৃত্যু হয়।
তাসনিয়ার বাবা মো. নাজমুল হোসেন জানিয়েছেন, তাসনিয়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
এই ঘটনায় এখন পর্যন্ত মোট ২০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ। হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছেন ২২ জন। ইতোমধ্যে ১৪ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
উল্লেখ্য, এক মাস আগে মাইলস্টোন স্কুলের পাশে বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে গেলে শিক্ষার্থীদের ওপর আগুন ছড়িয়ে পড়ে। এতে বহু শিক্ষার্থী দগ্ধ হন।





