দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার রাজধানীর কাছে মহাসড়কে নতুন মুদ্রা বহনকারী একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় মহাসড়কে প্রায় এক ডজন যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং মাটিতে ছড়িয়ে পড়ে নতুন নোট। এতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন।


শনিবার (২৮ ফেব্রুয়ারি) NDTVর প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় শুক্রবারের এ ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন।


বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো সালিনাস জানান, হারকিউলিস সি-১৩০ বিমানটি নতুন মুদ্রিত বলিভিয়ান নোট বহন করছিল। রাজধানী লা পাজ সংলগ্ন এল আল্টো বিমানবন্দরে অবতরণের পর এটি রানওয়ে থেকে ছিটকে পাশের একটি মাঠে গিয়ে পড়ে। পরে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।


অগ্নিনির্বাপক প্রধান পাভেল টোভার বলেন, এ ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। তবে তারা বিমানে ছিলেন নাকি সড়কে থাকা গাড়ির যাত্রী ছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানাননি।


বলিভিয়ার বিমানবাহিনীর জেনারেল সের্জিও লোরা জানান, বিমানটির ছয়জন ক্রুর মধ্যে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দুজন নিখোঁজ ছিলেন।


প্রতিবেদনে আরও বলা হয়, বিমানটি দেশটির কেন্দ্রীয় ব্যাংকের নতুন নোট বহন করছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ধ্বংসস্তূপের মধ্যে ছড়িয়ে থাকা নোট সংগ্রহ করতে লোকজন ভিড় করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকেও সক্রিয় থাকতে দেখা গেছে।


দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড এসপিনোজা বলেন, নোটগুলো এখনো বিনিময়ের উপযোগী নয়, কারণ তাতে সিরিয়াল নম্বর সংযুক্ত করা হয়নি। তিনি জানান, নোটগুলো লা পাজে নেওয়া হচ্ছিল, তবে ঠিক কত পরিমাণ মুদ্রা বহন করা হচ্ছিল তা প্রকাশ করা হয়নি।


ঘটনার পর সাময়িকভাবে বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে বিমানটির ধ্বংসাবশেষ, ক্ষতিগ্রস্ত যানবাহন এবং সড়কে পড়ে থাকা মরদেহ দেখা যায়। টোভার জানিয়েছেন, দুর্ঘটনায় অন্তত ১৫টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।