নড়াইলের লোহাগড়া উপজেলার বাকা গ্রামে দুই গ্রুপের সংঘর্ষে ইউনিয়ন পরিষদের সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শনিবার (৭ মার্চ) সকাল ৯টার দিকে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে আক্তার মোল্যা গ্রুপের লোকজন মসজিদের ভেতরে লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের সদস্য জিরু কাজী গ্রুপের লোকজনকে মারধর করে। এর জের ধরে শনিবার সকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।
আহতদের মধ্যে জিরু কাজী, লুৎফুন্নাহার, রেখা বেগম, সেলিম বিশ্বাস, হেমায়েত হোসেন, আনোয়ার, আক্তার মোল্যা, লিটন, ফিরোজ, শরিফুল, হাসান মোল্যা, কাদের ও মিরাজ মোল্যাসহ অন্তত ১৫ জন রয়েছেন। তাদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে আক্তার মোল্যা ও জিরু কাজীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।





