নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মসজিদের উন্নয়নকল্পে অনুদান তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) বিকালে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কায়েমকোলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত রাজিব হোসেনকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজের আগে কায়েমকোলা সরকারপাড়া জামে মসজিদের পুরাতন টিন পরিবর্তন ও সংস্কার কাজের বিষয়ে আলোচনা চলছিল। এ সময় উপস্থিত মুসল্লিরা স্বেচ্ছায় অনুদান দিতে সম্মত হলেও রাজিব হোসেন এতে আপত্তি জানান। বিষয়টি নিয়ে তাৎক্ষণিক উত্তেজনা সৃষ্টি হয় এবং দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
পরবর্তীতে জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে রাজিব হোসেনের সমর্থক ও মসজিদ কমিটির সভাপতি সাহাবউদ্দিনের অনুসারীদের মধ্যে পুনরায় কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
আহতদের মধ্যে তারেক রহমান (৬২), সাহাবউদ্দিন (৪০), পলাশ (২০), আব্দুল মান্নান (৬৫), রুবেল হোসেন (৩৪), রাকিব হোসেন (২৫), শাকিল আহম্মেদ (৩৫) ও মনিরুল ইসলাম (৩৫)কে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বড়াইগ্রাম থানার ওসি আব্দুস ছালাম জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং একজনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।





