বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে ‘মব কালচার’ ভয় ও আতঙ্ক সৃষ্টি করছে। কোনো অপরাধ ঘটলে সেটার বিচার আদালতে হওয়া উচিত, কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া কখনোই গ্রহণযোগ্য নয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে মৌলভীবাজারের সাইফুর রহমান অডিটোরিয়ামে জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, “বিএনপির আন্দোলনের সময় যেসব নেতাকে লুকিয়ে থাকা অবস্থায় পুলিশ খুঁজে এনে ধরেছিল, সেই পুলিশ এখন কোথায়? আজ তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।”

তিনি আরও বলেন, “সংবিধানে একটি বিষয় থাকা উচিত—যারা নির্বাচন কমিশনার হবেন, তাদের নিরপেক্ষতা অব্যাহত থাকতে হবে। তারা যেন আল্লাহকে ভয় করে দায়িত্ব পালন করেন, কোনো দল বা ব্যক্তির স্বার্থে নয়।”

রিজভী সতর্ক করে বলেন, “যদি নিরপেক্ষতা ও আইনের শাসন নিশ্চিত না হয়, তাহলে গণতন্ত্রবিরোধী শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আব্দুর রহিম রিপন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত (প্রধান বক্তা), সাংগঠনিক সম্পাদক জি. কে. গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান এবং জাসাসের কেন্দ্রীয় নেতা সৈয়দ আশরাফুল মজিদ খোকন।