রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) মন্ত্রী, এমপি ও প্রভাবশালী ব্যক্তিদের প্লট দিতে বন উজাড় করেছে বলে অভিযোগ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি এ ঘটনাকে “অপূরণীয় ক্ষতি” হিসেবে উল্লেখ করেছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর এক হোটেলে বিশ্বব্যাংকের প্রতিবেদন ‘একটি টেকসই জীবন: বাংলাদেশের স্বাস্থ্য ও অর্থনীতির ওপর তাপের প্রভাব’ প্রকাশ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রিজওয়ানা বলেন, “মন্ত্রী-এমপিদের প্লট দেওয়ার জন্য বন কেটে ফেলা হয়েছে। অথচ সেসব প্লটের বেশিরভাগই এখনো অব্যবহৃত। রাজউককে সঠিক পরিকল্পনা করে ভবন নির্মাণে দায়িত্ব নিতে হবে। কিন্তু যখনই ভালো পরিকল্পনা হয়, ব্যবসায়ীরা নিজেদের স্বার্থে বাধা দেয়।”

তিনি আরও বলেন, ওজোনস্তর রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক সহযোগিতা জরুরি।

অনুষ্ঠানে প্রকাশিত বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, উষ্ণ আবহাওয়ার ঝুঁকির দিক থেকে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় সর্বাধিক ঝুঁকিপূর্ণ দেশ। ঢাকার হিট ইনডেক্স জাতীয় গড়ের তুলনায় প্রায় ৬৫ শতাংশ বেশি। শুধু ২০২৪ সালেই তাপজনিত সমস্যার কারণে প্রায় ২ কোটি ৫০ লাখ কর্মদিবস নষ্ট হয়েছে, যার আর্থিক ক্ষতি দাঁড়িয়েছে প্রায় ১.৭৮ বিলিয়ন ডলার। এটি দেশের মোট জিডিপির প্রায় ০.৪ শতাংশ।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত ছিল বিশ্বের সবচেয়ে উষ্ণ ৯ বছর। এ সময় ঢাকায় তাপমাত্রা ১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে, যা জাতীয় গড় বৃদ্ধির তুলনায় অনেক বেশি।

বিশ্বব্যাংকের সিনিয়র অপারেশনস অফিসার ইফফাত মাহমুদ বলেন, তাপমাত্রা বৃদ্ধি সরাসরি স্বাস্থ্যঝুঁকি ও উৎপাদনশীলতার হ্রাসের সঙ্গে যুক্ত। তবে সঠিক নীতি ও বিনিয়োগের মাধ্যমে এ পরিস্থিতি মোকাবিলা সম্ভব।

বাংলাদেশ ও ভুটানবিষয়ক বিভাগীয় পরিচালক জ্যাঁ পেসমে বলেন, “চরম গরম কেবল মৌসুমি সমস্যা নয়, এটি জনস্বাস্থ্য, উৎপাদনশীলতা ও সামগ্রিক সমৃদ্ধির বড় হুমকি। তবে সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের অভিজ্ঞতা প্রমাণ করে, সমন্বিত পদক্ষেপ নিলে সংকট মোকাবিলা সম্ভব।”

প্রতিবেদনে দ্রুত পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—জাতীয় প্রস্তুতি জোরদার, স্বাস্থ্যসেবায় তাপজনিত রোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি, শহরে সবুজায়ন বাড়ানো এবং আবহাওয়া-স্বাস্থ্য সংক্রান্ত তথ্যভান্ডার শক্তিশালী করা। একই সঙ্গে আন্তর্জাতিক সহায়তা ও সরকারি-বেসরকারি অর্থায়নের গুরুত্বও তুলে ধরা হয়েছে।