গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি প্রকাশিত ‘মন্ত্রীদের জন্য ৯০৩০ বর্গফুটের ফ্ল্যাট বানাবে সরকার, সুইমিংপুলসহ আরও কী কী থাকছে’ শীর্ষক প্রতিবেদনটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।
মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিবেদনে যে পরিকল্পনা বা সিদ্ধান্তের উল্লেখ রয়েছে, তা সরকার অনুমোদন করেনি। গণপূর্ত অধিদপ্তর যদিও একটি প্রস্তাব দিয়েছে, কিন্তু মন্ত্রণালয় থেকে এটি বিবেচিত হয়নি।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ধরনের প্রতিবেদন জনমনে বিভ্রান্তি তৈরি করছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। ভবিষ্যতে এমন তথ্যবিকৃত প্রতিবেদন না করার জন্য সাংবাদিক ও সংবাদমাধ্যমকে অনুরোধ করা হয়েছে।





