কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের পর প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আশা হারাবেন না। এটা এখানেই শেষ নয়, এটি একটি আইনি প্রক্রিয়ার অংশ মাত্র।”

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত নয়। “আমাদের মামলা এখন উচ্চ আদালতের বিবেচনায় রয়েছে। মামলার মেরিটের ওপরই সত্যের বিজয় হবে, ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি, উচ্চ আদালত ন্যায়বিচার নিশ্চিত করবে এবং আমাদের মনোনয়ন পুনর্বহাল হবে।”

সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, “ধৈর্য ধরুন, ঐক্যবদ্ধ থাকুন। ষড়যন্ত্রের সামনে মাথা নত করবো না। আইনের পথেই আমরা এগোবো। সত্যের শক্তি আমাদের সঙ্গেই আছে। ইনশাআল্লাহ, বিজয় আমাদেরই হবে।”

এর আগে শনিবার বিকেল ৪টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট-২ অডিটরিয়ামে শুনানি শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেয় নির্বাচন কমিশন।

উল্লেখ্য, এই আসনে ১০ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করছেন।