ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে এ শুনানি অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান, কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী আজ ক্রমিক নম্বর ৭১ থেকে ১৪০ পর্যন্ত আপিলের শুনানি নেওয়া হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন বিকাল ৫টা পর্যন্ত শুনানি গ্রহণ করবে।
এর আগে শনিবার (১০ জানুয়ারি) অনুষ্ঠিত শুনানির প্রথম দিনে ৭০টি আপিলের মধ্যে ৫২টি মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ওই দিন ১৫টি আপিল নামঞ্জুর করা হয় এবং তথ্যগত অসংগতির কারণে ৩টি আপিলের শুনানি মুলতবি রাখা হয়েছে।
মঞ্জুর হওয়া ৫২টি আপিলের মধ্যে ৫১ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। অপরদিকে, রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে বৈধ ঘোষিত একজন প্রার্থীর প্রার্থিতা আপিল শুনানিতে বাতিল করা হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি চলবে। নির্ধারিত সূচি অনুযায়ী, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।
শুনানি শেষে আপিলের ফলাফল মনিটরে প্রদর্শনের পাশাপাশি রায়ের পিডিএফ কপি সংশ্লিষ্ট পক্ষ ও রিটার্নিং কর্মকর্তাদের ই-মেইলে পাঠানো হবে। একই সঙ্গে নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও তা প্রকাশ করা হবে।
এছাড়া ১০ থেকে ১২ জানুয়ারির শুনানির রায়ের অনুলিপি ১২ জানুয়ারি নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে সংগ্রহ করা যাবে।
উল্লেখ্য, এবারের জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে।





