মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১২ অক্টোবর) রাত ১টার দিকে শাহনেওয়াজ হলের সামনে এ ঘটনা শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে রূপ নেয়। এতে পুরো এলাকা উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি সাদিক কায়েমসহ কয়েকজন ছাত্রনেতা। খবর পেয়ে দ্রুত সেখানে যায় পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের সহকারী কমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, “শাহনেওয়াজ হলের সামনে দোকান বসানো নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে সরিয়ে দেয়।”
তিনি আরও জানান, এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।





