ভোলায় চিকিৎসা সেবা উন্নয়নে সরকারি মেডিকেল কলেজ নির্মাণের প্রতিশ্রুতি বিএনপি প্রার্থীর | Mirror News 24 | Mirror News 24
মিরর নিউজ ২৪ অনলাইন থেকে মুদ্রিত | mirrornews24.com
বিভাগ: সারা দেশ
তারিখ: ৯ ফেব্রুয়ারি, ২০২৬
লেখক: নিউজ ডেস্ক
বাংলাদেশের প্রতিচ্ছবি
ভোলায় চিকিৎসা সেবা উন্নয়নে সরকারি মেডিকেল কলেজ নির্মাণের প্রতিশ্রুতি বিএনপি প্রার্থীর
নিউজ ডেস্ক
প্রকাশ: ৯ ফেব্রুয়ারি, ২০২৬
পড়ার সময়: 1 মিনিট
বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতাঃভোলায় আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে একটি সরকারি মেডিকেল কলেজ নির্মাণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন ভোলা-২ আসনের বিএনপির প্রার্থী আলহাজ হাফিজ ইব্রাহিম
। একই সঙ্গে ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ ভোলা ও ঢাকার মধ্যে সারা বছর নিরবিচ্ছিন্ন, নিরাপদ ও স্থায়ী সড়ক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি।
সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে বোরহানউদ্দিন সরকারি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভায় এসব ঘোষণা দেন তিনি। বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানার সভাপতিত্বে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে হাফিজ ইব্রাহিম তাঁর ২২ দফা নির্বাচনী ইশতেহার তুলে ধরেন।
তিনি বলেন, “আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করলে আমার নির্বাচনী এলাকায় আবাসিক গ্যাস সংযোগ ও গ্যাসভিত্তিক শিল্পকারখানা স্থাপন করবো।” নির্বাচনের দিন ফজরের নামাজ আদায় করে ভোটকেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি বহিরাগতদের প্রতিহত করার কথাও বলেন বিএনপির এই প্রার্থী।
তার ঘোষিত ইশতেহারের গুরুত্বপূর্ণ দফাগুলোর মধ্যে রয়েছে—ভোলা-বরিশাল সেতু নির্মাণ, সরকারি মেডিকেল কলেজ স্থাপন, নদীভাঙন রোধ, মাদকমুক্ত সমাজ গঠনসহ বিভিন্ন উন্নয়নমূলক অঙ্গীকার।
জনসভায় উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিকেল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে ডাকঢোল বাজিয়ে ধানের শীষের মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভায় অংশগ্রহণ করেন।