ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোলার মনপুরা উপজেলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে মনপুরা উপজেলার তিন নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
\r\nআহত বিএনপি সমর্থকদের মধ্যে রয়েছেন মো. গণিমাঝি, রাসেল হাওলাদার ও গণিমাঝির মা। জামায়াত সমর্থকদের মধ্যে আহত হয়েছেন মো. ইদ্রিস, মো. রুবেল, তারেক, মওলানা শরীফ ও মো. সাদ্দাম।
\r\nজামায়াতের উত্তর সাকুচিয়া ইউনিয়ন সেক্রেটারি আব্দুর রহিম অভিযোগ করেন, নির্বাচনী প্রচারের সময় ভোট চাইতে গেলে বিএনপির লোকজন বাধা দেয়। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে, এতে জামায়াতের পাঁচজন নেতাকর্মী আহত হন।
\r\nঅন্যদিকে বিএনপির সিনিয়র সহসভাপতি কামাল উদ্দিন দাবি করেন, ভোট চাওয়ার নামে জামায়াতের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে বিএনপির তিন থেকে চারজন নেতাকর্মী আহত হন।
\r\nউপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম ফরাজি বলেন, একটি বাড়িতে ভোট চাইতে গেলে জামায়াতের নেতারাও সেখানে উপস্থিত হন। তখন উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।
\r\nমনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ফরিদ উদ্দিন বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





