ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে ভোট সুষ্ঠু হলে ফলাফল যাই হোক তা মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
রাকিবুল অভিযোগ করেন, ভোটার সংখ্যা এবং বুথের তুলনায় পর্যাপ্ত পোলিং এজেন্ট নেই, যা ভোটগ্রহণে সমস্যা তৈরি করছে। এছাড়া একজন ভোটারকে দুটি ব্যালট পেপার দেয়ার অভিযোগও এসেছে।
এদিন সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ শুরু হয়। ভোটকেন্দ্রে শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। অনেক শিক্ষার্থী ভিড় এড়াতে সকাল সকাল কেন্দ্রে আসেন।
এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। পাঁচটি ছাত্রী হলে ভোটার সংখ্যা ১৮ হাজার ৯৫৯ জন এবং ১৩টি ছাত্র হলে ভোটার সংখ্যা ২০ হাজার ৯১৫ জন। ডাকসুর ২৮টি পদে ৪৭১ জন প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছেন। প্রতিটি হল সংসদে ১৩টি করে ১৮টি পদে মোট ২৩৪ জন প্রার্থী লড়াই করছেন। সব মিলিয়ে ভোটারদের ৪১টি ভোট দিতে হবে।
এবারের নির্বাচনে অন্তত ১০টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর বাইরে স্বতন্ত্র প্রার্থীরাও অংশ নিয়েছেন।





