ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় জনমনে কিছুটা উদ্বেগ তৈরি হলেও সামগ্রিকভাবে নির্বাচনি পরিবেশ স্বাভাবিক ও সুষ্ঠু রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টারে প্রবাসী ভোটিং কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, নির্বাচনের দিন যত এগিয়ে আসবে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে। একই সঙ্গে প্রার্থী ও ভোটারদের মধ্যকার ভয়ও ধীরে ধীরে কেটে যাবে।
বর্তমান পরিস্থিতিতে ভোট উৎসব আয়োজনের পথে কোনো বাধা নেই উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন, রাজনৈতিক দল ও ভোটারদের মধ্যে ঐকমত্য রয়েছে। দেশের ইতিহাসে প্রথমবার বড় পরিসরে পোস্টাল ভোটিং চালু হওয়ায় নিবন্ধন প্রক্রিয়ায় কিছু জটিলতা দেখা দিলেও সামগ্রিক কার্যক্রমে কমিশন সন্তুষ্ট।
ভোটারদের উদ্দেশে সিইসি বলেন, হাতে এখনো তিন দিন সময় আছে। দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দিতে চান, তারা এই সময়ের মধ্যেই নিবন্ধন সম্পন্ন করবেন। সবাইকে ভোটের আওতায় আনার জন্য এই সময়টা গুরুত্বপূর্ণ। আগামী কয়েক দিনের মধ্যে নিবন্ধনের হার উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, পুরো প্রক্রিয়াটি কঠোর নিরাপত্তার মধ্যে পরিচালিত হচ্ছে। ২৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে কমিশন আশাবাদী।





