জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে ভোট গণনা চলছে।


তবে নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে চারটি প্যানেল পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে সংবাদ সম্মেলনে এ দাবি জানান প্যানেলগুলো—সম্প্রীতির ঐক্য, সংশপ্তক পর্ষদ, অঙ্গীকার পরিষদ ও ছাত্র ফ্রন্ট একাংশ। কয়েকজন স্বতন্ত্র প্রার্থীরাও এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।


সংবাদ সম্মেলনে সম্প্রীতির ঐক্য প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী শরণ এহসান বলেন, “আমরা অনিয়মের নির্বাচন বর্জন করছি। দ্রুত সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় পুনর্নির্বাচনের দাবি করছি। নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে এবং নতুন তফসিল ঘোষণা করা উচিত।”