ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে—এ ধরনের প্রচারণাকে জনগণের সঙ্গে প্রতারণা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, “ইসলামের নামে কিছু মানুষ সমাজকে বিপথে পরিচালিত করতে চাইছে। ধর্মীয় মূল্যবোধকে বিকৃত করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা হচ্ছে।”
মঙ্গলবার (১৪ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে বিএনপিপন্থী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন রিজভী।
জামায়াতে ইসলামীর প্রচারণার সমালোচনা করে তিনি বলেন, “তারা কি এখন মধ্যযুগীয় খ্রিস্টান পাদ্রিদের মতো বেহেশতের টিকিট বিক্রি শুরু করেছে? তারা বাড়ি বাড়ি গিয়ে বলছে, দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে—এটি সম্পূর্ণভাবে ধর্মের অপব্যবহার। ইসলামের মূলনীতির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।”
তিনি আরও বলেন, “জামায়াত এখন ডিজিটাল প্রচারণার মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে। কিছু তরুণকে দিয়ে সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার, কটূক্তি ও অপপ্রচারের বাহিনী গড়ে তুলেছে তারা।”
গণভোট প্রসঙ্গে রিজভীর মন্তব্য, “নভেম্বরে গণভোটের কথা বলে তারা নতুন একটি মাস্টারপ্ল্যান বাস্তবায়নের চেষ্টা করছে। এটি জনগণকে বিভ্রান্ত করার কৌশল মাত্র, যার উদ্দেশ্য জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়া।”
সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ মাওলানা মো. আলমগীর হোসাইন। এতে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ অন্যান্য নেতারা।





