কুষ্টিয়া–৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা অভিযোগ করেছেন, তার মাকে লাঞ্ছিত করা হয়েছে। তিনি জানান, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়ন বাক্স ব্রিজ এলাকায় যুবদলের নেতা নাসিরের নেতৃত্বে এ ঘটনা ঘটে।
আমির হামজা ফেসবুকে পোস্টে বলেন, “নারীদের মাঝে ভোট চাইতে যাওয়ার সময় রাস্তার মাঝখানে আমার সম্মানিত আম্মাকেও অপমানিত ও লাঞ্ছিত করা হয়েছে। আমাদের নারী কর্মীরা ভোট প্রচারণায় বের হওয়ার সময় ব্যাগ ও লিফলেট ছিনিয়ে নেওয়া হয় এবং তাদের ওপর বারবার আক্রমণ করা হয়।”
তিনি এই ঘটনার প্রতি তীব্র ক্ষোভ ও গভীর দুঃখ প্রকাশ করে বলেন, “নারীদের ওপর এই ধরনের বর্বর আচরণ রাজনৈতিক সহনশীলতার চরম লঙ্ঘন। একজন মায়ের সম্মান ও নারীর মর্যাদা ক্ষুণ্ন করে কোনো রাজনীতি টিকে থাকতে পারে না।”
আমির হামজা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃত্বকেও সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।”





