ভোট যত কাছে আসবে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি ঘটবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ভোটের সময় ঘনিয়ে এলে সব ধরনের ভয় কেটে যাবে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নেবে।


\r\n

সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালট কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


\r\n

সিইসি বলেন, দেশে প্রথমবারের মতো চালু করা হাইব্রিড পোস্টাল ভোট ব্যবস্থা ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়েও একটি দৃষ্টান্ত হতে পারে। তিনি জানান, পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন নতুন এই উদ্যোগ নিয়েছে। গত ৫৪ বছরে এমন ব্যবস্থা চালু হয়নি উল্লেখ করে তিনি বলেন, প্রধান উপদেষ্টা জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন, নির্বাচন কমিশন সেটি বাস্তবায়নে কাজ করছে।


\r\n

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই ব্যবস্থা আরও উন্নত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ভবিষ্যৎ নির্বাচনগুলোতে পোস্টাল ভোট ব্যবস্থা আরও কার্যকর ও আধুনিক হবে বলেও মন্তব্য করেন সিইসি।


\r\n

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিয়মিত সমন্বয় করা হচ্ছে। সম্প্রতি তাদের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে তিনি বলেন, সবাই মিলে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের বিষয়ে ঐকমত্যে পৌঁছানো হয়েছে।


\r\n

সিইসি আরও বলেন, ভোটের দিন ঘনিয়ে এলে দেশে উৎসবমুখর পরিবেশ তৈরি হবে। নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা রয়েছে এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে সেই আস্থা আরও বাড়বে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।