ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কারচুপির অভিযোগ করেছেন গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেল ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’-এর সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী আবু বাকের মজুমদার।


\r\n

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) টিএসসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরা জানতে পেরেছি একটি কেন্দ্রে পূরণ করা ব্যালট ব্যবহার করা হয়েছে, এবং এ ঘটনায় একজন রিটার্নিং কর্মকর্তা জড়িত। শামসুন্নাহার হলে কিছু শিক্ষকও প্রবেশ করে বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছেন। আমরা দীর্ঘদিন ধরে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা প্রকাশ করছি। আজ তা মাঠে দেখার সুযোগ পাচ্ছি।”


\r\n

বাকের আরও বলেন, “আমি কার্জন হলে ছিলাম এবং দেখছিলাম যে পূরণকৃত ব্যালট কার নামে। কিন্তু নাম প্রকাশ করা হচ্ছে না, তাই ভোটে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং হচ্ছে কিনা তার সন্দেহ তৈরি হচ্ছে। তবে আমরা বিশ্বাস করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ্য নেতৃত্ব নির্বাচনে সক্ষম। যারা ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছে, তারা ব্যালট বিপ্লবের মাধ্যমে রুখে দেওয়া হবে।”


\r\n

এবারের নির্বাচনে ২৮টি পদের জন্য ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে নারী প্রার্থী ৬২ জন। ১৮টি হলে ১৩টি পদে মোট ১,০৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছাত্রদল, ছাত্রশিবির, বাগছাস ও ছাত্র অধিকার পরিষদ আলাদা প্যানেল দিয়েছে। বামপন্থি ছাত্র সংগঠন দুটি প্যানেলে অংশ নিচ্ছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীর প্যানেলও প্রায় ১০টি রয়েছে।


\r\n

মোট ভোটার ৩৯,৭৭৫ জন, যার মধ্যে ছাত্র ২০,৮৭৩ ও ছাত্রী ১৮,৯০২ জন। আটটি কেন্দ্রের ৮১০টি বুথে প্রত্যেক ভোটারের ডাকসু ও হল সংসদের ৪১টি পদে ভোট দেওয়ার সুযোগ থাকবে। ভোটগ্রহণ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। ফল গণনা হবে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) মেশিনে, এবং প্রতিটি কেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনে তা প্রদর্শিত হবে।


\r\n

নিরাপত্তা জোরদার করা হয়েছে। ৮টি প্রবেশপথে চৌকি বসানো হয়েছে। মোবাইল প্যাট্রল, ডগ স্কোয়াড, বিশেষায়িত টিম, বোম এক্সপোজাল ইউনিট, সোয়াত টিম, ডিবি (সাদা পোশাকে), সিসিটিভি মনিটরিং সেল এবং স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স থাকবে।


\r\n

এবছরের নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু মূলত তিনটি প্যানেল: ছাত্রদল, ছাত্রশিবির ও বাগছাস। এছাড়া উমামা ফাতেমা ও বামজোট সমর্থিত প্রার্থীরাও নজর কাড়ছেন। ভিপি পদে শামীম হোসেন, জিএস পদে আরাফাত চৌধুরী, এজিএস পদে তাহমীদ আল মুদাসসীর চৌধুরীর নাম বেশি শোনা যাচ্ছে।


\r\n

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারবে।