আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিছু বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন সহিংসতা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার (১ ফেব্রুয়ারি) মিডিয়া রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) ও ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) আয়োজিত এক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে তিনি এই উদ্বেগ ব্যক্ত করেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “আসন্ন জাতীয় নির্বাচনে কিছু ক্ষেত্রে বিক্ষিপ্ত সহিংসতা ঘটতে পারে। তবুও জনগণ শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা রাখছে।”
তিনি আরও বলেন, ১৯৯১ সাল থেকে এখন পর্যন্ত প্রতিটি নির্বাচনে সহিংসতার ঘটনা ঘটেছে। তবে এবারের নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণ হবে বলে তার আশা। এজন্য সাংবাদিকদের যথেষ্ট দায়িত্ব রয়েছে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
১৯৯১ সালের নির্বাচনের উদাহরণ টেনে তিনি বলেন, সেই নির্বাচনে ভোটের হার ছিল ৫৫ শতাংশ। তার বিশ্বাস, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ভোটের হার তা ছাড়িয়ে যাবে।
সমাপনী অনুষ্ঠানে জাতিসংঘের উন্নয়ন সংস্থার প্রতিনিধি বলেন, নিরাপদ নির্বাচনের জন্য সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে ডিজিটাল মাধ্যমে নারী প্রার্থী ও সাংবাদিকদের নিরাপত্তার প্রতি আরও নজর দিতে হবে।





