ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা। এরই মধ্যে ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে টানটান উত্তেজনা। মঙ্গলবার বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই একের পর এক পাল্টাপাল্টি অভিযোগ উঠতে শুরু করে।


মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সরেজমিনে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের বিভিন্ন গেটে জড়ো হচ্ছেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। পলাশী মোড়, নীলক্ষেত মোড়, কাটাবন, চানখারপুল, ঢাকা মেডিকেল কলেজ ও জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনের মোড়, শাহবাগ মোড় এবং দোয়েল চত্বরে তাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে পলাশী মোড় থেকে ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত সড়কের দুই পাশে সবচেয়ে বেশি সমাবেশ ছিল তাদের।


জামায়াত-শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে, “নির্বাচন চলছে, তাই দেখতে এসেছি।” তবে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের মতে, ডাকসুর ফলাফল ঘোষণাকে ঘিরে যেকোনো মুহূর্তে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। ফলে ক্যাম্পাসের ভেতরে যেখানে ভোটগণনা চলছে, বাইরে শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের মধ্যে বিরাজ করছে উদ্বেগ-আশঙ্কা।


এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে। সন্ধ্যার পর থেকেই বিশ্ববিদ্যালয় এলাকা ও আশপাশে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। সন্দেহজনক যানবাহনে চলছে তল্লাশি, আর বিভিন্ন মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক পুলিশ সদস্য।


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, “ফলাফলকে ঘিরে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত। অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি।”


\r\n\r\n\r\n\r\n\r\n

পরিস্থিতি বিবেচনায় অনেকে বিকল্প পথে চলাচল করছেন। শাহবাগ থেকে পলাশী এবং কাটাবন থেকে নীলক্ষেত পর্যন্ত পুরো এলাকায় এখন থমথমে পরিবেশ বিরাজ করছে।