ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচনের দিন আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ক্যাম্পাসে মোতায়েন থাকবে দুই হাজার ৯৬ জন পুলিশ সদস্য।

সোমবার (৮ সেপ্টেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী। তিনি বলেন, “আজ ক্যাম্পাসে ডিএমপির ১,৭৭১ জন সদস্য দায়িত্ব পালন করছেন। আর নির্বাচনের দিন এই সংখ্যা বেড়ে দাঁড়াবে ২,০৯৬ জনে।”

পুলিশ ছাড়াও র‍্যাব, বিজিবি ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরাও নির্বাচনের দিন ক্যাম্পাসে দায়িত্ব পালন করবেন।

ডিএমপি কমিশনার জানান, নির্বাচনে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। নিয়মিত পুলিশ সদস্যদের পাশাপাশি মোতায়েন থাকবে বিশেষায়িত ইউনিট, যেমন সোয়াত ও বোমা নিষ্ক্রিয়কারী দল। এছাড়া সাদা পোশাকে ডিবি সদস্যরা টহলে থাকবেন এবং পুরো ক্যাম্পাস সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে।

তিনি আরও জানান, এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত কার্যকর থাকবে।

নির্বাচন ঘিরে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানানো হয়েছে—সোমবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ক্যাম্পাসে লাইসেন্সধারী অস্ত্র বহনও নিষিদ্ধ করা হয়েছে।

শেখ সাজ্জাত আলী সতর্ক করে বলেন, “কোনো পরিস্থিতিতেই কেউ যেন আইন হাতে তুলে না নেয়। কোনো অবাঞ্ছিত ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে।”