ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে সরকার দেশের সব সাধারণ ছুটি ঘোষণা করেছে। তবে কিছু জরুরি সেবা, ব্যক্তি ও প্রতিষ্ঠান ছুটির আওতায় থাকবে না।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।
ছুটির আওতার বাইরে থাকা সেবা ও প্রতিষ্ঠান:
জরুরি সেবা: হাসপাতাল, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, পানি এবং জরুরি টেলিযোগাযোগ সেবা সচল থাকবে।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী: রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ যারা সরাসরি নির্বাচন পরিচালনায় যুক্ত, তাদের জন্য সাধারণ ছুটি প্রযোজ্য হবে না। তারা ভোটগ্রহণ ও সংশ্লিষ্ট কার্যক্রমে দায়িত্ব পালন করবেন।
শিক্ষক: প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত অন্যান্য শিক্ষকদের নিয়মিত ক্লাস বা শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব স্থগিত থাকবে। তারা সম্পূর্ণ সময় ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন।
ব্যাংকার: সরকারি ও বেসরকারি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা যারা ভোটকেন্দ্র বা রিটার্নিং অফিসারের সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন, তাদের জন্য ব্যাংক বন্ধের সাধারণ ছুটি প্রযোজ্য হবে না।
নির্বাচন পরিচালনার স্বার্থে নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ের সব অফিসও ভোটের দিন খোলা থাকবে। রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়গুলো ভোটের দিন সবচেয়ে ব্যস্ত সময় পার করবে।





