ঠাকুরগাঁও (বালিয়াডাঙ্গী) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বিএনপির উদ্যোগে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার ৪ নং বড় পলাশবাড়ী ইউনিয়নের বাদামবাড়ী বাজারে এ সমাবেশের আয়োজন করা হয়।


সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও–২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. মো. আব্দুস সালাম।


সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ডা. আব্দুস সালাম বলেন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।


তিনি আরও বলেন, ঠাকুরগাঁও–২ আসন কৃষি ও সাধারণ মানুষের জনপদ। এ এলাকার মানুষ পরিবর্তন ও উন্নয়নের পক্ষে রায় দিতে প্রস্তুত। জনগণের সমর্থন পেলে তিনি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।


সমাবেশে উপস্থিত বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বলেন, ধানের শীষ প্রতীক সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছে। ভোটের মাধ্যমে জনগণ তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে বলেও তারা মন্তব্য করেন।


এ সময় আরও উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক বিপ্লবী সাধারণ সম্পাদক ডা. টি. এম. মাহবুবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।