ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সরাইল উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়াম ভোট কেন্দ্র নং–৫১ এ পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালনকালে মো. মুজাহিদুল ইসলাম (শিক্ষক, পানিশ্বর ইসলামী ফাউন্ডেশন) অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সরাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আবু বকর সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।


\r\n

ভোটগ্রহণ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয় এবং বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। নির্বাচনের শুরু থেকেই ভোটাররা কেন্দ্রে উপস্থিত হচ্ছেন, কোথাও কোথাও লাইন দীর্ঘ দেখা গেছে। বিএনপি, জামায়াত ও এনসিপির জ্যেষ্ঠ নেতারাও ভোট দিতে উপস্থিত ছিলেন।

\r\n

এর আগে বুধবার (১১ ফেব্রুয়ারি) ইসি দেশজুড়ে কেন্দ্রগুলোতে নির্বাচনি সরঞ্জাম সরবরাহ করেছিল। ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা সারারাত ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিত করেছে।

\r\n

এই সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যুজনিত কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে। নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল এবং ২৭৫ জন স্বতন্ত্র প্রার্থী অংশগ্রহণ করছেন। মোট প্রার্থী সংখ্যা ২,০২৮ জন, যার মধ্যে নারী প্রার্থী ৮৩ জন। রাজনৈতিক দলগুলোর প্রার্থী ১,৭৫৫ জন, স্বতন্ত্র ২৭৩ জন। নারী প্রার্থীর মধ্যে দলীয় ৬৩ জন ও স্বতন্ত্র ২০ জন। পুরুষ প্রার্থীর মধ্যে দলীয় ১,৬৯২ জন ও স্বতন্ত্র ২৫৩ জন।