বিশ্ব রাজনীতিতে আবারও তেলকে কেন্দ্র করে আলোচনা তুঙ্গে। ভেনেজুয়েলা থেকে বড় অঙ্কের তেল কেনার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

তার ভাষ্য অনুযায়ী, ভেনেজুয়েলার অন্তর্বর্তী কর্তৃপক্ষ আন্তর্জাতিক বাজারদরে যুক্তরাষ্ট্রের কাছে ৩ থেকে ৫ কোটি ব্যারেল উচ্চমানের তেল বিক্রি করবে।

মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ভেনেজুয়েলা থেকে সংগ্রহ করা তেল সরাসরি যুক্তরাষ্ট্রে পাঠানো হবে। তেল পরিবহনে বিশেষ স্টোরেজ জাহাজ ব্যবহার করা হবে, যা যুক্তরাষ্ট্রের বন্দরে এসে তেল খালাস করবে। পুরো প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশও দিয়েছেন তিনি।

ট্রাম্প আরও দাবি করেন, এই তেল বিক্রি থেকে যে অর্থ আসবে, তা প্রেসিডেন্ট হিসেবে তার নিয়ন্ত্রণে থাকবে। তিনি বলেন, এই অর্থ ভেনেজুয়েলার জনগণ ও যুক্তরাষ্ট্র উভয় দেশের কল্যাণে ব্যবহার করা হবে। তবে অর্থ ব্যয়ের নির্দিষ্ট খাত বা পরিকল্পনা সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেননি তিনি।

এদিকে ভেনেজুয়েলা ইস্যুতে যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা জোরদার করা হচ্ছে। হোয়াইট হাউস সূত্র জানায়, আগামী শুক্রবার ওভাল অফিসে তেল কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে। এতে এক্সন, শেভরন ও কনোকোফিলিপসের প্রতিনিধিদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। বৈঠকে ভেনেজুয়েলার তেল এবং যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ জ্বালানি নীতি নিয়ে আলোচনা হবে।