মেট্রোরেলের কোনো অংশ ভূমিকম্পে সরে যায়নি বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক আহমেদ।
সোমবার (১ ডিসেম্বর) উত্তরার ডিএমটিসিএল কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ভূমিকম্পের পর যাত্রী নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুরো মেট্রোরেল লাইন ও স্ট্রাকচার পরিদর্শন করা হয়েছে।
ফারুক আহমেদ বলেন, কোনো ঘটনা ঘটলে প্রথমেই যাত্রী সেবায় বিরতি দেওয়া হয়। ভূমিকম্পের পর প্রায় চার থেকে পাঁচ ঘণ্টা ধরে পুরো রুট শারীরিকভাবে পরীক্ষা করা হয়। আমিও সেখানে উপস্থিত ছিলাম। সাধারণত যাত্রীসেবা চালুর আগে একটি ট্রায়াল রান করা হয়, কিন্তু সেদিন নিরাপত্তা নিশ্চিতে দুইদিকে দুটি ট্রেন চালিয়ে পরীক্ষা নেওয়া হয়। ফার্মগেট ও বিজয় সরণি অংশের বেয়ারিং প্যাডও পরীক্ষা করা হয়েছে। এতে ট্রেন চলাচল শুরুতে ২৭ মিনিট দেরি হয়।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভেঙে পড়া মেট্রোরেলের ছবি প্রসঙ্গে তিনি বলেন, এসব ভিজ্যুয়াল এআই দিয়ে তৈরি। পুরো লাইনে কোনো স্থানচ্যুতি পাওয়া যায়নি। কেবল একটি দেয়ালে হালকা ফাটল, দুইটি টাইলস খসে পড়া এবং সিলিংয়ের দুটি প্যাড খুলে যাওয়ার ঘটনা হয়েছে।
তিনি বলেন, ‘‘আমার বাসার দেয়ালও ফেটেছে। কিন্তু দেয়াল কেন ফেটে গেল, সেটা সবসময় ব্যাখ্যা করা যায় না। তবে মেট্রোরেলে কোনো কাঠামোগত ঝুঁকি তৈরি হয়নি।’’





