ভিয়েতনামের মধ্যাঞ্চলে চলতি সপ্তাহে প্রবল বন্যায় কমপক্ষে ৫৫ জন নিহত এবং অন্তত ১৩ জন নিখোঁজ হয়েছে। শনিবার (২২ নভেম্বর) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এই তথ্য প্রকাশ করেছে।

ডাইক ব্যবস্থাপনা ও প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ বিভাগের বরাত দিয়ে ভিয়েতনাম নিউজ জানিয়েছে, মধ্যাঞ্চলে বন্যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এতে ৩৪০ মিলিয়ন ডলারেরও বেশি অর্থনৈতিক ক্ষতি হয়েছে।

স্থানীয় ডাক লাক এলাকায় ২৭ জন মারা গেছেন এবং ৮ জন নিখোঁজ। খান হোয়াতে ১৪ জনের মৃত্যু এবং দুইজন নিখোঁজ রয়েছে। গিয়া লাই ও লাম ডং-এ পাঁচজন, থুয়া থিয়েন হু ও দা নাং-এ দু’জন মারা গেছেন। দা নাং-এ আরও দুইজন এবং কোয়াং ট্রি প্রদেশে একজন নিখোঁজ রয়েছেন।

সংবাদমাধ্যম জানিয়েছে, বন্যায় প্রায় ৯৫০টি বাড়ি ধ্বংস হয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় ২৮,৪৬০টির বেশি বাড়ি এখনো পানিতে ডুবে রয়েছে। বন্যা ও ভারী বৃষ্টিপাতের কারণে পরিবহন ব্যবস্থাও ব্যাহত হয়েছে; ভূমিধসের কারণে প্রধান মহাসড়ক ও গ্রামীণ রাস্তাগুলোর কিছু অংশ বন্ধ রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্যোগ মোকাবেলায় সামরিক ও পুলিশ সদস্যরা মোতায়েন করা হয়েছে। এছাড়াও প্রায় ৩২.৪ মিলিয়ন গবাদি পশু এবং হাঁস-মুরগি মারা গেছে বা পানিতে ভেসে গেছে।