বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমরা ভালো একটি নির্বাচনের জন্য সরকারকে টিকিয়ে রেখেছি। তিনি বলেন, আমরা সরকারের প্রতি প্রত্যাশা রাখি যে, স্বল্প সময়ের মধ্যে ভালো নির্বাচনের জন্য যা যা দরকার তা করবেন। এজন্য তাদের সমর্থন আমাদের রয়েছে।


রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী লেখক ফোরামের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


দুদু আরও বলেন, একটি বিশেষ গোষ্ঠী মনে করছে নির্বাচন হলে তাদের কোনো ভবিষ্যৎ নেই। তাই তারা নানা মুখরোচক কথা বলে এবং নতুন নতুন দাবি উত্থাপন করে নির্বাচনকে দীর্ঘস্থায়ী করার চেষ্টা করছে। যারা এসব করছে, তারা মূলত ভুল ধারণায় বিভ্রান্ত।


তিনি জানান, দেশের মানুষ ১৬ বছর ধরে নিজের মতামত ও অধিকার রক্ষার জন্য আন্দোলন করেছে। এবং এই অধিকার রক্ষার একমাত্র মাধ্যম হচ্ছে নির্বাচন। এর বাইরে অন্য কোনো পথ নেই। যদি কেউ বিশ্বাস করে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ দখল করতে পারে, তাহলে আমি বলব, বাংলাদেশিরা বীর জাতি। এই জাতি কখনো কারো কাছে মাথা নত করেনি। যারা রক্ত দিতে প্রস্তুত, যারা বিদ্রোহী, তাদের কেউ নিচে নামাতে পারে না।


\r\n\r\n\r\n\r\n

সমাবেশে জাতীয়তাবাদী লেখক ফোরামের সভাপতি শাহীন রেজা সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম প্রমুখ।