বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ভারত যদি একটি সত্যিকারের সভ্য দেশ হতো, তবে বাংলাদেশের ট্রানজিট বন্ধ করত না এবং সীমান্তে নির্বিচারে বাংলাদেশিদের হত্যা করত না। মঙ্গলবার (২০ মে) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
\r\nতিনি বলেন, “ভারত আরেকটি স্বাধীন-সার্বভৌম দেশের ভিসা বন্ধ করে দিয়েছে। সীমান্তে মানুষ হত্যা করছে, তিস্তা নদীর পানি আটকে রেখেছে। এসব কাজ কোনো সভ্য রাষ্ট্র করতে পারে না।”
\r\nআলোচনা সভায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের প্রসঙ্গ টেনে শামসুজ্জামান দুদু অভিযোগ করেন, সরকার প্রতিহিংসার রাজনীতিতে লিপ্ত হয়ে তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব নিতে দিচ্ছে না।
\r\n“জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরও ইশরাককে মেয়র হতে দেওয়া হয়নি। কোর্টের রায় দেওয়ার পরও তাকে শপথ করানো হচ্ছে না। এটি প্রতিহিংসার চরম উদাহরণ,” বলেন তিনি।
\r\nতিনি আরও বলেন, “সরকার এখন সম্পূর্ণভাবে প্রতিহিংসামূলক পথে চলছে। লুটপাট চূড়ান্ত করতে ইশরাককে দায়িত্বে বসানো হচ্ছে না। কোর্টের আদেশ না মানলে সেই সরকারকে ফ্যাসিস্ট বলা যায়। সরকার সেই পথেই হাঁটছে কি না, তা এখন চিন্তার বিষয়।”
\r\nবিএনপির এই নেতা বলেন, “দেশ আজ চরম অবিশ্বাস ও সন্দেহের দিকে যাচ্ছে। জনগণের মধ্যে সরকারের প্রতি যে সমর্থন ও বিশ্বাস একসময় ছিল, তা এখন ভেঙে পড়ছে। সরকারকে এই বাস্তবতা উপলব্ধি করতে হবে।”
\r\nনির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা আশা করি, ড. মুহাম্মদ ইউনূসের মধ্য দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে। যদি তিনি ব্যর্থ হন, তাহলে সুপ্রিম কোর্টকে অনুরোধ করব—গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা নিতে। দেশের মানুষ এবং গণতন্ত্র রক্ষায় আদালতেরও দায়িত্ব রয়েছে।”





