পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি বলেছেন, ভারত এখন বিশ্বশান্তির জন্য একটি হুমকিতে পরিণত হয়েছে। রোববার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।


ইসলামাবাদে দেওয়া বক্তব্যে সাম্প্রতিক এক সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সংহতি প্রকাশের জন্য কৃতজ্ঞতা জানান জারদারি। তিনি বলেন, বিশ্বনেতা, বিভিন্ন সরকার ও আন্তর্জাতিক সংস্থার সহানুভূতি ও সমর্থন পাকিস্তানের জনগণ এবং সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সাহস ও শক্তির উৎস হয়েছে।


প্রেসিডেন্ট জারদারি উল্লেখ করেন, এসব বার্তা প্রমাণ করে যে সন্ত্রাসবাদ ও এর পেছনের সহিংস মতাদর্শের বিরুদ্ধে লড়াই একটি বৈশ্বিক দায়িত্ব। তিনি পাকিস্তানের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, একা কোনো দেশের পক্ষে সন্ত্রাসবাদ মোকাবিলা করা সম্ভব নয়।


তার অভিযোগ, কিছু প্রতিবেশী দেশ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে এবং পাকিস্তানের বিরুদ্ধে সক্রিয় গোষ্ঠীগুলোকে সরাসরি অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে।


জারদারি আরও বলেন, ইতিহাস সাক্ষ্য দেয়—যখন সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে জাতীয় সীমানার বাইরে আশ্রয়, সহায়তা বা দায়মুক্তির সুযোগ দেওয়া হয়, তখন এর পরিণতি বিশ্বজুড়ে নিরীহ বেসামরিক নাগরিকদের ভোগ করতে হয়।

সূত্র: সামা টিভি