অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, সরকার ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া বাজারে আতপ চালের চাহিদা বৃদ্ধির কারণে আরও আতপ চাল আনার পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “বাইরে চালের দাম বাড়ছে, কারণ চীনের চাহিদা বেশি। তারা মূলত ভিয়েতনাম থেকে চাল কিনছে। এর প্রভাব কিছুটা আমাদের ওপর পড়ছে। তবে এবার ভারতের কাছ থেকে আমদানি করা ৫০ হাজার টন চালের দাম গতবারের তুলনায় কিছুটা কম, যা আমাদের জন্য স্বস্তির বিষয়।”

অর্থ উপদেষ্টা আরও জানান, মরক্কো থেকে সার আমদানির কার্যক্রম চলছে। এ পর্যন্ত ৯০ হাজার টন টিএসপি আনা হয়েছে এবং আরও ৪০ হাজার টন সার আসবে। তিনি উল্লেখ করেন, সারের দাম মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে।

ড. সালেহউদ্দিন বলেন, “খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভবনের জন্য ১০৫ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় সরকারের চারটি রাস্তা নির্মাণের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ময়মনসিংহে বিদ্যুতের ১৯টি সাবস্টেশন বিতরণ করা হবে এবং ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল আমদানি করা হবে।”

তিনি আরও জানান, রোজার প্রস্তুতির জন্য এবার প্রচুর রাইস ব্র্যান অয়েল আমদানি করা হবে, যা তুষ থেকে প্রস্তুত হবে। এছাড়া অস্ট্রেলিয়ায় ক্যানবেরাতে দূতাবাসের জন্য একটি ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে, যেখানে সময়সীমা মেনে কাজ না করলে অনুমতি প্রত্যাহার করা হবে।