ভারতের ওডিশার কটক এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে ট্রমা কেয়ার আইসিইউতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ঘটনায় আইসিইউতে থাকা ১০ রোগীর মৃত্যু হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অগ্নিকাণ্ডটি রোববার রাত আড়াইটার দিকে সংঘটিত হয়। রোগীদের উদ্ধার করার সময় ১১ জন হাসপাতালের কর্মী দগ্ধ হয়েছেন।
ওডিশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি জানিয়েছেন, রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে আগুনের সূত্রপাত ঘটে। তখন আইসিইউতে মুমূর্ষু রোগীদের চিকিৎসা চলছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
এসসিবি হাসপাতাল ওডিশার একটি প্রধান সরকারি চিকিৎসা কেন্দ্র। ঘটনায় মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মহালিঙ্গ হাসপাতাল পরিদর্শন করেছেন এবং চিকিৎসাধীন অন্যান্য রোগীদের দেখেছেন।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২৩ জন রোগীকে অন্যান্য বিভাগে স্থানান্তর করা হয়। স্থানান্তরের সময় সাতজন গুরুতর অসুস্থ রোগী মারা যান। পরে আরও তিনজনের মৃত্যু হয়। আহতদের যথাযথ চিকিৎসার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
মাঝি নিহতদের পরিবারকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন। পাশাপাশি তিনি এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।
\r\n\r\n\r\n





