ভারতের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বুধবার সকালে এক বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। মুম্বাই থেকে বারামতির উদ্দেশে যাত্রাকালে তার বহনকারী একটি ছোট বিমান দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনায় আরও চারজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে পাইলট ও নিরাপত্তাকর্মীরা থাকতে পারেন।


\r\n

বিমানটি মুম্বাই থেকে সকাল প্রায় ৮টায় উড্ডয়ন করে। এক ঘণ্টা পর বারামতি বিমানবন্দরের কাছে অবতরণের চেষ্টা করার সময় বিমানটি ভেঙে পড়ে। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি।


\r\n

স্থানীয় ভিডিও ও ছবিতে দেখা যায়, বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আগুন ও ধোঁয়া উঠছে, এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছাচ্ছে অ্যাম্বুল্যান্স ও উদ্ধারকারী দল। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।


\r\n

সূত্রের খবর, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বারামতিতে চারটি গুরুত্বপূর্ণ জনসভায় যোগ দিতে অজিত পাওয়ার মুম্বাই থেকে যাত্রা করেছিলেন।


\r\n

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। বিমান অবতরণের সময় যান্ত্রিক বা আবহাওয়াজনিত কোনো সমস্যা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।


\r\n

অজিত পাওয়ারের আকস্মিক মৃত্যু মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে শোকের ছায়া ফেলেছে। বিভিন্ন রাজনৈতিক নেতা ও সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।