ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে থাকলেও তাদের ফিরিয়ে আনার একাধিক উপায় রয়েছে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।
তিনি বলেন, এই দুই আসামিকে গ্রেপ্তার না করা পর্যন্ত র্যাব সর্বোচ্চ শক্তি দিয়ে অভিযান চালিয়ে যাবে।
রোববার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
র্যাব মহাপরিচালক জানান, গত ১২ ডিসেম্বর শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। ঘটনার পর ১২ থেকে ১৬ ডিসেম্বরের মধ্যে মামলার আটজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে। তবে মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ এখনো পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে নিরবচ্ছিন্ন অভিযান চলছে।
তিনি আরও বলেন, পলাতক দুই আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত র্যাব থামবে না এবং দ্রুত তাদের আইনের আওতায় আনার ব্যাপারে তারা আশাবাদী।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাব ডিজি বলেন, প্রযুক্তিগত ও ম্যানুয়াল উৎস ব্যবহার করে আসামিদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। অবস্থান নিশ্চিত হলে গ্রেপ্তার সহজ হবে। কেউ যদি দেশের বাইরে পালিয়েও থাকে, তাকে ফিরিয়ে আনার জন্য নির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। প্রয়োজন হলে সেই সব পথই গ্রহণ করা হবে।
হত্যাকাণ্ডের ছায়া তদন্ত অব্যাহত রাখার কথা জানিয়ে তিনি বলেন, এই চাঞ্চল্যকর ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাব আপসহীন থাকবে।





