বর্তমান পরিস্থিতিতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান অনড় বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া ও আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি আশা প্রকাশ করেছেন, এই অবস্থান আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যথাযথভাবে বুঝবে।


বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে উপদেষ্টা এ কথা জানান। বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বোর্ডের পরিচালক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


উপদেষ্টা বলেন, “আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, দেশের নিরাপত্তা এবং বাংলাদেশের মর্যাদা—এসব বিষয় নিয়ে আমরা কোনো আপস করব না। আমরা ক্রিকেট খেলতে চাই, বিশ্বকাপ খেলতে চাই। অন্য আয়োজক দেশ শ্রীলঙ্কাতেও আমরা খেলতে প্রস্তুত।”


তিনি আরও বলেন, “ভারতে না যাওয়ার এই অবস্থানে আমরা অনড়। আশা করি, আইসিসি আমাদের যুক্তিগুলো সহমর্মিতার সঙ্গে বিবেচনা করবে এবং যেটা আমরা কষ্ট করে অর্জন করেছি, সেই টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের খেলার সুযোগ নিশ্চিত করবে।”


আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানের কলকাতা নাইট রাইডার্সের দল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ এই বিষয়ে আইসিসিকে জানিয়েছে ভেন্যু পরিবর্তনের অনুরোধ। বিসিবিও আইসিসিকে এই উদ্বেগ জানিয়েছে, জবাবে আইসিসি সমাধানের জন্য একসঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে।