রাজস্থানের জয়পুর-আজমের জাতীয় সড়কে মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। সানওয়াড়া এলাকায় এলপিজি সিলিন্ডার বোঝাই একটি দাঁড়িয়ে থাকা ট্যাংকারে পিছন থেকে একটি ট্রাক ধাক্কা মারলে মুহূর্তেই আগুন ধরে যায়। এরপর একের পর এক বিস্ফোরণে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়।
প্রত্যক্ষদর্শীদের মতে, বিস্ফোরণের শব্দ কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা গেছে এবং প্রায় ১০ কিলোমিটার দূর থেকে দেখা গেছে আগুনের লেলিহান শিখা। আগুনে পুড়ে ছাই হয়ে যায় আশপাশে থাকা আরও ৭টি গাড়ি।
জানা গেছে, ট্যাংকারটি রাস্তার পাশে ভুলভাবে পার্ক করা ছিল এবং চালক নিকটবর্তী একটি দোকানে খাবার খেতে গিয়েছিলেন। সেই সময় পিছন থেকে একটি ট্রাক এসে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের পরপরই সিলিন্ডার ফেটে আগুন ছড়িয়ে পড়ে, শুরু হয় ধারাবাহিক বিস্ফোরণ।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনার জন্য হাইওয়ের একটি অংশ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
জয়পুরের আইজি রাহুল প্রকাশ জানিয়েছেন, এই ঘটনায় ট্যাংকারের চালকসহ অন্তত ২-৩ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিফ মেডিক্যাল অফিসার রবি শেখাওয়াত জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্তদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঘটনার বেশ কিছু ভিডিও এবং ছবি ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, যা এলাকাবাসীর আতঙ্কের চিত্র স্পষ্ট করে তোলে।





