পবিত্র রমজান মাসের শেষ দশকে ইতিকাফ চলাকালে ভারতের হরিয়ানার পালওয়াল জেলার টিকরি ব্রাহ্মণ গ্রামের একটি মসজিদে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা মসজিদের জানালা ভেঙে ভেতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।


গত ১০ মার্চ মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১টা ২৫ মিনিটে এ ঘটনা ঘটে। তখন মসজিদের ইমাম জুবের এবং আরও তিনজন—ইকবাল, হানিফ ও সোহেল—মসজিদে ইতিকাফে ছিলেন। ধোঁয়া ও তাপ টের পেয়ে তারা জেগে ওঠেন এবং চিৎকার শুরু করলে স্থানীয় গ্রামবাসীরা দ্রুত সেখানে ছুটে আসেন। তাদের সহায়তায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা এড়ানো যায়।


ঘটনার পর ইমাম জুবেরের অভিযোগের ভিত্তিতে রামরূপসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বরুণ সিংলা জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে বিশেষ অপরাধ ইউনিট ও সাইবার সেলকে তদন্তে যুক্ত করা হয়েছে।


পুলিশের মুখপাত্র সঞ্জয় কুমার বলেন, আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে এবং স্থানীয়দের কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।


এ ঘটনায় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। গ্রামবাসীদের দাবি, গত কয়েক বছর ধরে এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা চলছে। তাদের অভিযোগ, এর আগেও বিভিন্ন সময় নানা অজুহাতে মুসলিমদের হয়রানির ঘটনা ঘটেছে।


পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টিকরি ব্রাহ্মণ গ্রাম এলাকায় পাঁচ থেকে ছয়টি পুলিশ দল মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসন সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং কোনো ধরনের গুজবে কান না দিয়ে সন্দেহজনক কিছু দেখলে দ্রুত পুলিশকে জানাতে বলা হয়েছে। একই সঙ্গে অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ।