অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আইপিএল ইস্যুতে ভারত–বাংলাদেশের বাণিজ্যে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। তিনি জানান, ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিকভাবেই চলমান রয়েছে।
রোববার (১১ জানুয়ারি) সচিবালয়ে নতুন আমদানি নীতি আদেশ নিয়ে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, বিশ্বের সব দেশের সঙ্গে বাংলাদেশের উদার বাণিজ্যনীতি কার্যকর রয়েছে। যতক্ষণ পর্যন্ত দেশের অভ্যন্তরীণ বাণিজ্য বাধাগ্রস্ত না হয়, ততক্ষণ কোনো নির্দিষ্ট দ্বিপক্ষীয় সিদ্ধান্ত নেওয়া হয় না। সামগ্রিকভাবে সরকার মুক্ত ও উদার বাণিজ্যে বিশ্বাস করে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ভারতের সঙ্গে বিভিন্ন বাণিজ্যিক পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সেগুলোর কোনো প্রভাব পড়েছে কি না তা সরকার পর্যবেক্ষণ করছে।
এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, দৈনন্দিন ঘটনাপ্রবাহ সাধারণত দ্বিপক্ষীয় বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলে না। তবে তিনি উল্লেখ করেন, গত মে মাসে ভারত বিভিন্ন স্থলবন্দর বন্ধ করে বাংলাদেশ থেকে রপ্তানি বন্ধ করায় দেশের রপ্তানি কিছুটা কমেছে। এরপরও বাংলাদেশ এ বিষয়ে কোনো পাল্টা পদক্ষেপ নেয়নি।
ভারতে পাট রপ্তানি বন্ধের বিষয়ে বাণিজ্য সচিব বলেন, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশের অভ্যন্তরীণ চাহিদা ও সরবরাহ স্বাভাবিক রাখতে। অন্য কোনো দেশের ক্ষতি করার উদ্দেশ্যে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। সরকারের নীতিনির্ধারণ সব সময় দেশের অভ্যন্তরীণ বাণিজ্য ও স্বার্থকে গুরুত্ব দিয়েই করা হয়।





