বিহারের বিধানসভা নির্বাচনে আলিনগর আসনে জয়ী হয়েছেন জনপ্রিয় তরুণ শাস্ত্রীয় সংগীতশিল্পী মৈথিলী ঠাকুর। মাত্র ২৫ বছর বয়সে তিনি রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রার্থী বিনোদ মিশ্রকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন। এই জয়ের সঙ্গে তিনিই বর্তমানে বিহারের সর্বকনিষ্ঠ বিধায়ক।
জয়ের পর সংবাদ সংস্থা এএনআইকে মৈথিলী ঠাকুর বলেন, “এটা আমার কাছে স্বপ্নের মতো। আমি আমার এলাকার মানুষের পাশে থাকতে চাই। এখন শুধু আলিনগরের উন্নয়ন নিয়ে ভাবছি।”
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আলিনগর থেকে মৈথিলী ১২,০৩৬ ভোটে জয়ী হয়েছেন।
মৈথিলী ঠাকুর ২০০০ সালের ২৫ জুলাই বিহারের মধুবনীতে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই বাবা ও দাদার তত্ত্বাবধানে হিন্দুস্তানি শাস্ত্রীয় ও লোকসংগীতের প্রশিক্ষণ নিয়েছেন। তিনি হারমোনিয়াম ও তবলা বাজাতেও পারদর্শী। ২০১৭ সালে টিভি রিয়ালিটি শো ‘রাইজিং স্টার’-এ রানারআপ হন এবং পরবর্তীতে সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান।
তিনি ভারতীয় শাস্ত্রীয় ও লোকসঙ্গীতের প্রচারে অবদান রাখার জন্য ২০২১ সালে ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কারে ভূষিত হন। এরপর ২০২৪ সালে চলচ্চিত্র ‘অরোঁ মে কাহান দম থা’-এ কিসি রোজের সাথে প্লেব্যাক গান করেন। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে ক্রিয়েটার্স অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন।
এদিকে বিহারের বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। ২৪৩ আসনের মধ্যে জোটটি ২০০-এর বেশি আসনে এগিয়ে। সরকার গঠনের জন্য প্রয়োজন ১২২ আসন।





